চিকিৎসকদের কর্মস্থলে রাখতে কঠোর পদক্ষেপ
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, চিকিৎসা সেবা উন্নত করতে চিকিৎসকদের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মস্থলে রাখতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। এছাড়া বদলির বিষয়ে বিশেষ নজর দেয়া হচ্ছে।
বুধবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এছাড়া গ্রাম পর্যায়ে চিকৎসক সংকট কাটাতে সাত হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
জেলা ও উপজেলা হাসপাতালের অবস্থা বেহাল নয় দাবি করে মন্ত্রী বলেন, “এখানে কিছু সমস্যা রয়েছে। সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়িত হলেই সমস্যা খাকবে না। দেশের স্বাস্থ্য সেবা আরো উন্নত হবে।”
তিনি বলেন, “বিএনপি জামায়াত সরকার ক্ষতায় এসে ১০ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আমরা ক্ষমতায় এসে পুনরায় কমিউনিটি ক্লিনিক চালু করে সেখানে পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে মানুষের দোর গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি।”
স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. দীন মোহাম্মদ নূরুল হক, স্বাচিবের সভাপতি ডা. শরফুদ্দিন আহম্মেদকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিভিল সার্জন ডা.সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র মো. ইলিয়াস হোসেন, ম. কামরুল হাসান, প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মস্ত্রী গোপালগঞ্জের ঘোনাপাড়ায় প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
