গাইবান্ধায় বাসচাপায় শিশুর মৃত্যু
গাইবান্ধায় বাসের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, নিহত সোহান মিয়া (৭) বোয়ালীদহ গ্রামের শহিদুল ইসলাম ওরফে ডিবজলের ছেলে। স্থানীয় তসলিমউদ্দিন বিদ্যানিকেতনে নার্সারিতে পড়ত সে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে রংপুরের ভিন্ন জগতে বনভোজনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বকশিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। রিলাক্স পরিবহনের একটি বাস তাদের নেয়ার জন্য স্কুল মাঠে আসে।
এ সময় এক ফাঁকে পাশের স্কুলের নার্সারির ছাত্র সোহান বাসের পেছনের বাংকারে উঠে পড়ে। চালক বাসটি পিছনের দিকে সরাতে থাকলে শিশুটি লাফ দিয়ে নামার চেষ্টা করলে চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।
দুর্ঘটনার পরপরই বনভোজনের কর্মসূচি বাতিল করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
