বাচ্চু হত্যা: খুলনায় ১২ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চু হত্যা মামলায় ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত।
খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আখতার হোসেন বুধবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ২০১৩ সালে ১৬ জুলাই কুষ্টিয়ার আদালত থেকে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
দণ্ডিতরা হলেন- ইব্রাহিম (৪৮), হাবিল (৩২), শামীম (৩০), ইসলাম (৩০), জিয়ার (৩৫), ডাবলু (৪০), সাহেব (৫০), জাহাঙ্গীর ওরফে বাবু (৩৮), রাজ্জাক, আরিফ খান মিঠু, মানিক, মুকুল হোসেন।
এদের মধ্যে ইব্রাহিমকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের এবং বাকিদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৩ আসামিকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান।
মামলার নথি অনুযায়ী, ২০০৯ সালের ২৫ জুলাই বিকেল ৪টার দিকে কুমারখালীর মনোহরপুর গ্রামের হাতির সাঁকো রেললাইন এলাকায় কয়া ইউপি চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় নিহতের ভাই বতর্মান চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন পরদিন কুমারখালী থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
৪৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ওই রায় দেন বলে এনামুল হক জানান।
