২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে ১৩শ’ বাংলাদেশি

২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত ১০ বছরে ১ হাজার ২৯৬ জন বাংলাদেশি যুক্তরাষ্ট্রে ‘রাজনৈতিক আশ্রয়’ (অ্যাসাইলাম) নিয়েছেন বলে জানিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 01:06 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

সংস্থার জনসংযোগ কর্মকর্তা ক্যাটি টিচেকেক ক্যাপলান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, “যদিও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য ভারতীয় ও পাকিস্তানিদেরই সবচেয়ে বেশি ‘রাজনৈতিক আশ্রয়’ মঞ্জুর করা হয়েছে।”

টিচেকেক ক্যাপলান জানান, রাজনৈতিক অস্থিরতা, কর্মসংস্থানের অভাব, পশ্চিমা উন্নত জীবনের হাতছানিসহ প্রতিবছরই বাংলাদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের (অ্যাসাইলাম) আবেদন করছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, ১০ বছরে ১ হাজার ২৯৬ জন বাংলাদেশির ‘রাজনৈতিক আশ্রয়’ মঞ্জুর হয়েছে। এসময়ে ৪ হাজার ৬৬৫ ভারতীয় এবং ৩ হাজার ৪০৮ পাকিস্তানির আবেদন গৃহীত হয়েছে।

ক্যাপলান জানিয়েছেন, গত এক দশকে বাংলাদেশি কয়েক ডজন সাংবাদিকও যুক্তরাষ্ট্রে ‘রাজনৈতিক আশ্রয়’ লাভ করেছেন।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, বেআইনিভাবে সীমান্ত পাড়ি দেয়ার পর ইমিগ্রেশন এজেন্টদের হাতে আটক হলে যারা ‘রাজনৈতিক আশ্রয়’ প্রার্থনা করেন, তাদের বলা হয় ‘ডিফেন্সিভ’।

আর ট্যুরিস্ট, বিজনেস অথবা স্টুডেন্ট ভিসায় আসার পর যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনাকারীদের চিহ্নিত করা হয় ‘এফারমেটিভ’ হিসেবে।

নিয়মানুযায়ী, রাজনৈতিক আশ্রয় মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে গ্রিনকার্ড পাওয়া যায় এবং স্ত্রী-সন্তানকে দ্রুত যুক্তরাষ্ট্রে আনার অনুমতি মেলে। এছাড়া ৫ বছরের মাথায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও পাওয়ার সুযোগও হয়।

ইমিগ্রেশন আইনজীবী মঈন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তরাষ্ট্রে প্রবেশের এক বছরের মধ্যে আবেদন করলে সেটি ‘অ্যাসাইলাম অফিসার’ বিবেচনা করেন। তা না হলে সেটি উইথহেল্ড অর্থাৎ আবেদনটি মঞ্জুর হলেও আবেদনকারী গ্রিনকার্ড পাবেন না। তবে ‘ওয়ার্কপারমিট’ নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন।”

আরেক আইনজীবী অশোক কর্মকার জানান, রাজনৈতিক গোলযোগপূর্ণ যেসব দেশের তথ্য স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে উল্লেখ থাকে, সেসব দেশের নাগরিকদের আবেদন দ্রুত মঞ্জুর হয়।

সাম্প্রতিক সময় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশির আবেদন মঞ্জুর হয়েছে বলে জানান তিনি।

অবৈধভাবে গেছেন চার লাখ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইউএস সেনসাস ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তা ড. খন্দকার মনসুর বলেন, স্বাধীনতার পর থেকে গত ৪০ বছরে (১৯৭২ থেকৈ ২০১২) বৈধপথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ৬ লাখ ৮০ হাজার ৭৮৩ জন বাংলাদেশি।

“এর মধ্যে ইমিগ্র্যান্ট ভিসায় ২ লাখ ৫২ হাজার ৭৭৪ এবং নন-ইমিগ্র্যান্ট, স্টুডেন্ট এবং ব্যবসায়ী ভিসায় এসেছেন ৪ লাখ ২৮ হাজার ৯ জন। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন এক লাখ ২ হাজার ৬৬৯ জন।”

তিনি জানান, এর বাইরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে গেছেন প্রায় চার লাখ বাংলাদেশি।

খন্দকার মনসুর বলেন, “মেক্সিকো এবং কানাডা হয়ে আরো অনেকে এসেছেন যুক্তরাষ্ট্রে, যারা অবৈধ। তাদের সঠিক সংখ্যা নিরূপন করা সম্ভব না হলেও তা প্রায় লাখের মত।”

“এছাড়া আরো ২ লাখ ৮৯ হাজার ৬০০ জন নন-ইমিগ্র্যান্ট ভিসায় আসার পর ভিসা নবায়ন না করা এবং অন্য কোন কারণে বর্তমানে অবৈধ অভিবাসীদের তালিকাভুক্ত।”

অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি ১৫ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন।