২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনু-বুলবুলসহ তিন জনের জামিন

পুলিশ হত্যা মামলায় কারাবন্দি রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও মহানগর সভাপতি শফিকুল হক মিলনকে ছয় মাসের জামিন দিয়েছে হাই কোর্ট।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 10:47 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

মঙ্গলবার নাইমা হায়দার ও জাফর আহমেদের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী সাইদুর রহমান জতন।

হাই কোর্ট থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষে গত ২৪ ফেব্রুয়ারি এ তিন নেতাসহ বিএনপির ৩৪ নেতাকর্মী রাজশাহী অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে নামুঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।

গত বছর ২৬ ডিসেম্বর রাজশাহী শহরের রাজাহাতা এলাকায় বিএনপি নেতৃত্বাধীন জোটের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ট্রাকে বোমা হামলা হয়। ওই ঘটনায় নিহত হন পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায়।

বোয়ালিয়া থানার এসআই রফিকুল ইসলাম ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু, জেলা সভাপতি নাদিম মোস্তফা, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহীর সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আসম মামুন শাহিন, মাইনুল ইসলাম ও মাহবুব হাসান বুলবুলসহ ৮৫ জনের নাম উল্লেখ করে দুই মামলায় সাড়ে তিনশ জনকে আসামি করা হয়।