ভুয়া ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীতে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী স্বাস্থ্যখাতে নানা অনিয়মের কথা তুলে ধরেন।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে ভুইফোঁড় অনেক ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। সেবার নামে এসব প্রতিষ্ঠান মানুষকে নির্যাতন করছে।”
মঙ্গলবার থেকেই রাজধানীতে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের খোঁজে অভিযান শুরু হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী এই কাজে সংসদ সদস্যদের সহযোগিতা চান।
মন্ত্রী জানান, চিকিৎসক সংকট মোকাবেলায় দুই মাসের মধ্যে বিসিএস পরীক্ষার মাধ্যমে আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
