ত্বকী হত্যার বছরপূর্তি: তিন দিনের কর্মসূচি
নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বছরপূর্তিতে তিন দিনের বিভিন্ন কর্মসূচি দিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
গত বছরের ৬ মার্চ ত্বকী নিখোঁজ হয়। দুদিন পর তার লাশ পাওয়া যায়।
কর্মসূচির মধ্যে রয়েছে ৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টায় ত্বকীর কবর জিয়ারত ও ফাতেহা পাঠ। বাদ জোহর ত্বকীর বাবা রফিউর রাব্বির শায়েস্তা খাঁ সড়কের বাসায় পারিবারিক উদ্যোগে মিলাদ মাহফিল।
বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ।
৭ মার্চ শুক্রবার বিকাল ৪টায় সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান।
ত্বকী মঞ্চ থেকে প্রকাশিত স্মারক গ্রন্থটির নাম ‘জনান্তিকে ত্বকী’। এতে থাকবে ত্বকীকে নিয়ে বিভিন্ন লেখক-কবির প্রবন্ধ ও কবিতা, ত্বকীর লেখা বাংলা ও ইংরেজি কবিতা, ছোটগল্প, নিবন্ধ এবং বিভিন্ন ছবি।
দ্বিতীয় গ্রন্থটি মফিদুল হকের সম্পাদনায় সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত হবে।
প্রকাশনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী, ড. শফিউদ্দিন আহমদ প্রমুখ।
৮ মার্চ শনিবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে মা ও শিশু সমাবেশ।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নেতা রফিউর রাব্বির ছেলে ত্বকী গত ৬ মার্চ শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
৮ র্মাচ শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
