২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মশা মারতে বাজেট সাড়ে ২৩ কোটি টাকা

রাজধানীতে মশার উপদ্রব কমাতে ঢাকার দুই সিটি করপোরেশনের সাড়ে ২৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 10:07 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

মঙ্গলবার সংসদে স্বতন্ত্র সাংসদ হাজী সেলিমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, মশা নিধনে এ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরাদ্দ ১৪ কোটি ৫০ লাখ টাকা। ঢাকা উত্তরের বাজেট ৯ কোটি টাকা। করপোরেশনের কর্মপরিকল্পনা অনুযায়ী মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে।

ঢাকার দুই সিটি করপোরেশনের বাৎসরিক বাজেট ১০০ কোটি হলেও মশা নিধনে নগর কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই কেন তা জানতে চান হাজী সেলিম।

জবাবে সৈয়দ আশরাফ বলেন, “বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকায় মশার প্রকোপ নগরবাসীর সহনীয় পর্যায়ে রয়েছে।”

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রাজস্ব বাজেট থেকে ৮৬ লাখ টাকা ছাড় করা হয়েছে। মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে করপোরেশনের পাঁচটি অঞ্চলে একযোগে সকাল আটটা থেকে ১১টা পর্যন্ত লার্ভিসাইডিং ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া বিকাল চারটা থেকে সূর্যাস্ত পর্যন্ত ফগিং কার্যক্রম চালানো হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনেরও পাঁচটি অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডেও মশা নিধনে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিংয়ের কাজ চলছে বলে জানান তিনি।

সরকারদলীয় সাংসদ মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজধানীবাসীকে সুপেয় পানি সরবরাহ করতে নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান সৈয়দ আশরাফ।

ওয়াসা যে লাইনের মাধ্যমে পানি সরবরাহ করছে তাতে কোন দুর্গন্ধের অভিযোগ নেই বলেও দাবি করেন মন্ত্রী ।

এ নিয়ে কোন অভিযোগ থাকলে তা তাৎক্ষণিকভাবে জানানোর সুবিধার্ধে গ্রাহকদের জন্য কল সেন্টার (১৬১৬২) সুবিধা চালু করা হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।