২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি ছিনতাই ঘটনায় গ্রেপ্তার রাজুর মুক্তি দাবি

ময়মনসিংহের ত্রিশালে দণ্ডিত তিন জঙ্গি ছিনতাইয়ে জড়িত সন্দেহে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া রাজু আহম্মেদকে নির্দোষ দাবি করে তার মুক্তি চেয়েছে নিজ এলাকার মানুষ।

জামালপুর প্রতিনিধি

স্পোর্টস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 07:59 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার লোকজন এ কর্মসূচি পালন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নটারকান্দা এলাকার কয়েকশ’ লোক দুপুরে নটারকান্দা গ্রাম থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও ও প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী মন্ডল, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, ইসলামপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক খোদা বক্স, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও আব্দুর রহিম।

বক্তাদের অভিযোগ, ইসলামপুর বণিক সমিতির সদস্য ছাত্রদল নেতা রাজু আহম্মেদ একটি বেসরকারি ফুড প্রোডাক্ট কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

তার সঙ্গে জামালপুর ডিবি পুলিশের এএসআই শুভ্র সাহা ও মেলান্দহের চিহ্নিত সন্ত্রাসী হাতকাটা শফিকের বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে রাজুকে জেএমবি উল্লেখ করে ফাঁসিয়ে দেয়া হয়েছে।

তার মুক্তি দেয়া না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেয়।

এ ব্যাপারে জামালপুর ডিবি পুলিশের এএসআই শুভ্র সাহা জানান, তারে বিরুদ্ধে করা অভিযোগ ঠিক নয়। হাতকাটা শফিকের সঙ্গে তার কোনো সখ্যতা নেই এবং রাজুর সঙ্গেও তার কোনো বিরোধ নেই।

ময়মনসিংহের ত্রিশালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে জামালপুরের ডিবি পুলিশের সহায়তায় ময়মনসিংহ ডিবি পুলিশ রাজু আহম্মেদকে গত রোববার গ্রেপ্তার করে। সোমবার ময়মনসিংহে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে (রিমান্ডে) নেয় পুলিশ।

গত ২৩ ফেব্রয়ারি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় জেএমবির সদস্যরা প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে তিন জেএমবি জঙ্গিকে ছিনতাই করে।

ওই তিন জঙ্গি হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা সালাউদ্দিন সালেহীন ওরফে সানি, রাকিবুল হাসান এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান।

এর মধ্যে রাকিবুল ওইদিনই টাঙ্গাইলে ধরা পড়েন এবং ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।