২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে গুলি: তদন্তের বিষয়ে জানতে চায় হাই কোর্ট

বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোস চালুর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে গুলির ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্ত এবং ‘হামলাকারী অস্ত্রধারীদের’ বিরুদ্ধে মামলা হয়েছে কি না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 04:24 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকারকে এক সপ্তাহের মধ্যে এসব বিষয়ে আদালতকে জানাতে বলেন।

আদালতে আবেদনকারীপক্ষে শুনানি করেন আইনজীবী বিএম ইলিয়াস। সঙ্গে ছিলেন আবেদনকারী আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স চালু ও ফি বাড়ানোর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনে গত ২ ফেব্রুয়ারি চড়াও হয় পুলিশ। পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল ও শটগানের গুলিতে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী।

ওই ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদেরও অস্ত্র হাতে আন্দোলনরতদের ওপর হামলা চালাতে দেখা যায়। এরপর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়।

এ ঘটনায় ১৪ জন শিক্ষক ও সংগঠকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া গত ১৮ ফেব্রুয়ারি এই রিট আবেদন করেন।

ওই দিন পুলিশের প্রকাশ্য গুলি করা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানাতে রুল চান রিটকারীরা।

এছাড়া গুলি করার আগে-পরে কি ধরনের আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং গুলি করার কারণ ব্যাখ্যাসহ হাই কোর্টে কেন প্রতিবেদন দিতে বলা হবে না- তাও জানাতে আদেশ চাওয়া হয়।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহীর পুলিশ কমিশনার ও রাজশাহীর মতিহার থানার ওসিকে রিটে বিবাদি করা হয়েছে।

রিটে বাদি হিসাবে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক স্বপন আদনান, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক রফিক উল্লাহ খান, মেঘনা গুহঠাকুরতা, নারী অধিকার কর্মী শিপ্রা বোস, বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক মানস কুমার চৌধুরী, স্বাধীন সেন, ফাহমিদুল হক, মোহাম্মদ তানজিমুদ্দিন খান, মেহের নিগার, সামিনা লুৎফা নিত্রা ও অরূপ রাহী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ‘সাধারণ শিক্ষার্থীদের’ ওপর কেন পুলিশ গুলি চালিয়েছে- তা জানতে চেয়ে গত ১১ ফেব্রুয়ারি একই বিবাদিদের উকিল নোটিসও দিয়েছিলেন জ্যোতির্ময় বড়ুয়া। তার জবাব না পেয়ে তিনি হাই কোর্টে আসেন।

রাবিতে গুলির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

রাজশাহীতে গুলি কেন, জানতে চেয়ে নোটিস