সাভারে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক
সাভারে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাতের’ মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপক কুমার সাহা জানান, রোববার গভীর রাতে সাভারের রাজফুলবাড়িয়ার হারাননগর এলাকায় পুলিশ টাউনের সামনে এ ঘটনায় ‘ডাকাতদের’ ছোড়া হাতবোমায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহতের নাম জানাতে না পারলেও তার বয়স আনুমানিক ২৮ বছর বলে জানিয়েছেন পরিদর্শক দিপক।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাপাতি, একটি রামদা, একটি হাতবোমা ও একটি টচ্ লাইট উদ্ধার করেছে।
দিপক কুমার বলেন, “রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ বিষয়টি বুঝতে পেরে এগিয়ে গেলে ডাকাতরা হাতবোমা ফাটায় ও গুলি ছোড়ে।”
এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক ‘ডাকাত সদস্য’ নিহত হয় বলে জানান তিনি।
পরিদর্শক দিপক জানান, বোমায় আহত এসআই রফিকুল ইসলামকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে জানতে পারি, ডাকাতরা হাতবোমা ফাটালে পুলিশ গুলি ছোড়ে। এতে এক ডাকাত নিহত হয়।”
ঘটনাস্থলের সামনে সাভার পল্লী বিদ্যুতের ১৩২/১৩৩ কেবি গ্রিড উপকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য সুমন, রফিক ও সাদ্দামের কাছে রাতের ঘটনা জানতে চাইলে তারা বলেন- তারা কেবল গুলির শব্দ শুনেছেন, এর চেয়ে বেশি কিছু জানেন না।
