বগুড়ায় দুই শিশুকে হত্যা করেছে মা
বগুড়ায় দুই শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন ‘মানসিক ভারসাম্যহীন’ মা।
রোববার দুপুরে সালমা আকতারকে রাস্তা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করার পর সন্তান হত্যার বিষয়টি জানাজানি হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত শিশুরা হলো বগুড়া পুলিশ লাইনস্ স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী তাসলিমা (৭) ও তার বোন ফাহমিদা (৩)। তাদের বাবা সিটি ব্যাংক বগুড়া শাখার এক্সিকিউটিভ অফিসার ফরিদুল ইসলাম।
ফরিদুল ইসলাম এবং সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানিয়েছেন, দুই মাস ধরে সালমাকে মানসিক রোগের চিকিৎসা দেয়া হচ্ছিল।
সালমার স্বামী ফরিদুল জানান, মেয়ে তাসলিমা স্কুলে রেজাল্ট খারাপ করায় তার স্ত্রী খুব বিরক্ত ছিলেন। বিষয়টি তিনি সবসময় চিন্তা করতেন।
“মাঝে মাঝেই বলছিল, সবার ছেলে-মেয়েরা ভাল রেজাল্ট করে, আমারটা কেন খারাপ রেজাল্ট করবে।”
এসআই আবু রায়হান জানান, সালমা আকতার ওই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর শহরের বনানী এলাকায় চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
“পর পর দুইবার আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হলে রাস্তায় অচেতন হয়ে পড়ে থাকেন তিনি।”
এ সময় পুলিশ লাইনস্ স্কুলের এক আয়া তাকে দেখে চিনতে পারেন এবং তাকে লতিফপুর কলোনি এলাকায় তাদের বাসায় পৌঁছে দেন।
বাসায় গিয়ে তিনি ওই দুই শিশুকে হত্যার ঘটনাটি জানার পর এলাকাবাসীকে জানান। পরে লোকজন পুলিশকে খবর দেয়।
এসআই আবু রায়হান আরো জানান, সালমা আকতারকে অনেক জিজ্ঞাসার পর তিনি বলেন- “আমার বাঁচার কোনো ইচ্ছা নেই। আমার মেয়ে খারাপ রেজাল্ট করে।
“আমি তো মারাই যাব, তাই এই দুই শিশুকে কোথায় রেখে যাব, যে কারণে শিশু দুটিকে হত্যার পর নিজেই আত্মহত্যার চেষ্টা করেছিলাম।”
অসুস্থ সালমা আকতারকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
