২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে চেয়ারম্যান আ. লীগের বিদ্রোহী প্রার্থী

কক্সবাজারের মহেশখালী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. হোছাইন ইব্রাহিম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 02:11 AM

Updated : 01 Sep 2026, 12:32 PM

শনিবার ভোটগ্রহণ শেষে মধ্যরাতে ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের।

দোয়াত-কলম প্রতীকে বিজয়ী হোছাইন ইব্রাহিম পেয়েছেন ৩৬ হাজার ৩৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা হাবিব উল্লাহ ফেজটুপি প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৭৮১ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নির্দলীয় প্রার্থী জহির উদ্দিন। চশমা প্রতীকে তিনি পেয়েছেন ৩১ হাজার ৭০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত জাকের হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮২৬ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নির্দলীয় প্রার্থী জাহানারা বেগম। প্রজাপতি প্রতীকে তিনি পেয়েছেন ৪১ হাজার ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরীন ফারজানা পদ্মফুল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ২৬১ ভোট।

গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে মহেশখালীতে ভোট হওয়ার কথা থাকলেও হিন্দু সম্প্রদায়ের আদিনাথ মেলা ও পূজার কারণে তারিখ পরিবর্তন করা হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেন।