২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পুলিশের হারানো অস্ত্রসহ ‘ডাকাত’ গ্রেপ্তার

মাগুরার শালিখা উপজেলায় ভোট কেন্দ্র থেকে খোয়া যাওয়া পুলিশের একটি এসএমজি উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 05:08 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

এ সময় রাজু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। রাজু আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ।

শনিবার দপুরে শালিখার হরিশপুর গ্রামে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার ভোট চলাকালে শালিখার গোবরা ভোট কেন্দ্র থেকে পুলিশের এই এসএমজি খোয়া যায়।

গোয়েন্দা পুলিশের এসআই বদরুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে শালিখার সীমাখালী বাজার থেকে রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অস্ত্র চুরির কথা স্বীকার করেন।

তার স্বীকারোক্তি অনুয়ায়ী হরিশপুর গ্রামে তার বাড়ি সংলগ্ন বাগানে মাটিতে পুঁতে রাখা এসএমজিটি উদ্ধার করা হয়।

এসআই বদরুজ্জামান আরো জানান, রাজু আন্তঃজেলা সড়ক ডাকাত দলের সদস্য। এছাড়া বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডেও জড়িত। তার নামে শালিখা থানায় একাধিক মামলা আছে।

বর্তমানে রাজু শালিখা থানা পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশের অস্ত্র চুরির ঘটনায় তার নামে মামলা হয়েছে।