২ টাকা বাড়তি ভাড়ার জন্য যাত্রী ‘খুন’
দুই টাকা ভাড়াকে কেন্দ্র করে এক যাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গাজীপুরে এক লেগুনার চালক ও সহকারীর বিরুদ্ধে শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে।
নিহতের মো. সাফি উদ্দিন সফি (৪২) গাজীপুর মহানগরের লোহাকৈর এলাকার মৃত করিম উদ্দিনের ছেলে। সফি স্থানীয় পূর্বানী গার্মেন্টের শ্রমিক।
স্থানীয় লোকজন চালক ফুল মিয়া (৩০) এবং সহকারী সোহাগকে (১৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম জানান, নিহত সফি সকাল সাড়ে ৯টার দিকে মহানগরের কোনাবাড়ি বাসস্ট্যান্ড থেকে একটি লেগুনায় মৌচাক তার কর্মস্থলে যাচ্ছিলেন।
মৌচাক এলাকায় পূর্বানী গার্মেন্টসের কাছে নামার পর লেগুনার ভাড়া দুই টাকা কম/বেশি দেয়া-নেয়া নিয়ে তার সাথে সহকারীর সঙ্গে বাকবিতণ্ডা বাধে।
এক পর্যায়ে লেগুনার চালক-সহকারী সফিকে মারধর করে।
এ সময় স্থানীয় লোকজন চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সফিকে গাজীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসআই কামরুল ইসলাম।
