ভাষাসৈনিক সাইদ আহমদ আর নেই
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাজশাহীতে শহীদ মিনার স্থাপনের অন্যতম উদ্যোক্তা সাইদ উদ্দিন আহমেদ আর নেই।
বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ভাষাসৈনিক শনিবার ভোররাতে মারা যান।
সাইদ আহমদের বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন জোহরের নামাজের পর সাহেববাজার জিরো পয়েন্টে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কাদিরগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাইদ আহমদের জন্ম ১৯৩১ সালের ২২ অক্টোবর। ভাষা আন্দোলনের সক্রিয় এক কর্মী ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাতে রাজশাহী কলেজ নিউ হোস্টেলের সামনে দেশের প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের অন্যতম উদ্যোক্তা ছিলেন।
সাইদ আহমদ আইনজীবী হিসেবে কাজ শুরু করলেও সাংবাদিক হিসেবেও কাজ করেন। রাজশাহী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
সাইদ আহমদ ইত্তেফাক, সংবাদ, ডেইলি পিপল, ডেইলি মর্নিং পোস্ট ও অবজারভারসহ বেশ কয়েকটি সংবাদপত্রে কাজ করেছেন।
লেখালেখিতে সক্রিয় সাইদের প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘রাজশাহী প্রতিভা’ ও ‘বরেন্দ্র বাতিঘর’ অন্যতম।
