২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল ভোটে বাধা পেয়ে পুলিশের ওপর হামলা

গোপালগঞ্জের সদর উপজেলায় একটি কেন্দ্রে জাল ভোট দিতে বাধা দেয়ায় দুই পুলিশকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 02:14 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বৃহস্পতিবার সদর উপজেলার দক্ষিণ বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল সামিনুলকে (২৫) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দেবব্রত মণ্ডল জানান, সকাল সাড়ে ৮টার দিকে ১ ও ২ নম্বর  মহিলা বুথে ঢুকে দুর্বৃত্তরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে চেয়ারম্যান প্রার্থী এস এম শাহ আলমের প্রতীকে সিল দেয়া শুরু করে। পুলিশ বাধা দিলে তারা দুই পুলিশ সদস্যকে পিটিয়ে মারাত্মক আহত করে।

পরে গোপালগঞ্জ থেকে বাড়তি পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামের লোকজন পুলিশের ওপর হামলা করতে আসে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান।

সংঘর্ষের সময় চেয়ারম্যান প্রার্থী এস এম শাহ আলমের ছয় সমর্থককে আটক করে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে সেনাসদস্য, র‌্যাব ও পুলিশ সুপারের উপস্থিতিতে আবার ভোট শুরু হয় বলে প্রিসাইডিং অফিসার জানান।