ঝিকরগাছায় বিস্ফোরণে আহত ৩, গুলিতে জখম ১
উপজেলা নির্বাচনে ভোটের আগের রাতে যশোরের ঝিকরগাছায় বোমা বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছেন।
বুধবার রাতে আলাদা ঘটনায় প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক।
ঝিকরগাছা থানার ওসি কামরুজ্জামান জানান, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
বোমায় আহতরা হলেন- স্থানীয় মতিয়ারের ছেলে সোহান (১৫), নাদিমের ছেলে সমু (২০) ও সিফাতের ছেলে মিলন (২২)। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলামের (৩৫) গায়ে গুলি লেগেছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক হুসাইন শফায়াত।
ডা. শফায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমা বিস্ফোরণে সমুর দুই চোখ নষ্ট হয়ে গেছে। তিন জনেরই মুখ ও হাত ঝলসে গেছে।
ওসি বলেন, রাতে কৃষ্ণনগর গ্রামের কবরস্থানের পাশে বিস্ফোরণের পর ওই তিনজনকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বোমা বানাতে গিয়ে ওই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি জানান, রাত ৮টার দিকে কৃষ্ণনগর গ্রামে বকুলের চায়ের দোকানে বসে থাকা শহিদুলকে গুলি করে পালিয়ে যায় প্রতিপক্ষরা।
শহিদুল আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের হয়ে ভোটের জন্য কাজ করছেন বলে এলাকাবাসী জানায়।
আহত শহিদুল হাসপাতালে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুছা মাহমুদের ভাই ইলিয়াসই তার ওপর এই হামলা চালিয়েছে।
অবশ্য এ ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।
