২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্নীতিবাজ শিক্ষিতদের মানসিকতা বদলাতে হবে’

দুর্নীতিবাজ শিক্ষিতদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 10:03 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার দুপুরে আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটির মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, “আমার দেশে দুর্নীতিবাজ শিক্ষিত লোকের প্রয়োজন নেই। আমরা নষ্ট, ভ্রষ্ট মেধাবী মানুষ চাই না।

“কাজেই আপনারা যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তারা মানসিকতার পরিবর্তন করুন। অন্যথায় দেশ আপনাদের প্রত্যাখ্যান করবে।”

দেশের উন্নয়নে সৎ ও শিক্ষিত নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের।

একটি জরিপের বরাত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কাদের বলেন, “ঢাকা এখন বিশ্বের সবচেয়ে নোংরা শহর। এ শহরকে ঠিক করতে প্রযুক্তিবিদদের এগিয়ে আসতে হবে।”

ঢাকা শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষার কথা জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, “ঢাকায় কী প্রযুক্তি ব্যবহার করা যাবে তা নিয়ে ভাবুন, প্রযুক্তির আচরণ নিয়ে চিন্তা করুন।

“এনালগ-ডিজিটাল, উন্নয়ন-আচরণ, ট্রেডিশনাল-টেকনোলজির মধ্যে যুতসই ভারসাম্য করতে হবে।”

আগামী দুই বছরের মধ্যে প্রতিটি উপজেলায় ইন্টারনেট পৌঁছাবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালের মধ্যে দেশের প্রতিটি জেলায় থ্রিজি প্রযুক্তি পৌঁছানো এবং দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের জন্য সরকার কাজ শুরু করেছে।

সারা দেশের সাড়ে আট হাজার ডাকঘরকে ই-সেন্টার করার ঘোষণাও দেন তিনি।

বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক ও মেলার আহ্বায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার, বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মুজিবুর রহমান স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।