২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসলামের পাশাপাশি রাজউক চেয়ারম্যানকেও দুদকে তলব

সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের মুখোমুখি হতে হচ্ছে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হককে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 07:07 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

সেই সঙ্গে উন্নয়ন প্রকল্পে বরাদ্দের অনিয়মের অভিযোগ ওঠায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকেও বুধবার তলবের আদেশ দিয়েছে কমিশন।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামকে আগামী ৫ মার্চ হাজির হতে বলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণবকুমার ভট্টাচার্য্য।

রাজউক চেয়ারম্যান নুরুল হুদাকে বৃহস্পতিবার হাজির হতে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী হলফনামায় দেয়া তথ্যের ভিত্তিতে বিগত মহাজোট সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের অস্বাভাবিক আয় বৃদ্ধির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।

তা আমলে নিয়ে গত ২২ জানুয়ারি আসলামসহ সাতজনের সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক। আসলামের সম্পদ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয় উপ-পরিচালক শেখ ফয়েজ আলমকে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মহাজোট সরকারের শাসনামলে ৫ বছরে আসলামুল ঘোষিত সম্পত্তি বেড়েছে ৩৪ গুণের বেশি।

এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় জমি দখলের অভিযোগও রয়েছে।

রুহুল হক-মান্নান খানের সম্পদ অনুসন্ধানে দুদক