লক্ষ্মীপুরে গ্যাস সংকট:পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
লক্ষ্মীপুরে গ্যাস সংকটের প্রতিবাদ ও অবিরাম সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিক্শার বিক্ষুব্ধ শ্রমিকরা।
বুধবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টা সদর উপজেলার চন্দ্রগঞ্জে শাহী সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রায়পুর সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এ ঘটনায় ওই মহাসড়কে চলাচলকারী শত শত যাত্রী দুর্ভোগে পড়ে।
লক্ষীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান,যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে পুলিশ শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানালে তারা তা তুলে নেন।
লক্ষ্মীপুর জেলায় গ্যাসের চাপ কম থাকার কারণে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পারায় দুই মাস ধরে চন্দ্রগঞ্জ শাহী সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে রেখেছে মালিক পক্ষ।
চন্দ্রগঞ্জ শাহী সিএনজি ফিলিং স্টেশনের মালিকপক্ষের প্রতিনিধি মেজবাহ উর রহমান চিশ্তী রায়হান জানান,গ্যাসের কম চাপের কারণে সরবরাহে অসুবিধা হচ্ছে বলে দুমাস ধরে স্টেশন বন্ধ রাখা হয়েছে।
এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিক্ষুব্ধ শ্রমিকদের আন্দোলনে নিরপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
শ্রমিকরা জানান, দুই মাস ধরে প্রতিদিন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না তারা।
সিএনজি অটোরিকশা মালিকদের দিনপ্রতি ৫০০/৬০০ টাকা করে জমা দিতে হয়। কিন্তু ঠিক সময়ে গ্যাস না পাওয়ায় জমার টাকা দিতে হিমশিম খেতে হয়।
