২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকি দিয়ে চিরকুট, মন্দিরে প্রতিমা ভাংচুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি সার্বজনীন মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 12:59 PM

Updated : 13 Oct 2022, 11:51 AM

মঙ্গলবার রাতে কোনো এক সময় এ ভাংচুরের পর তারা ওই স্থানে একটি চিরকুট রেখে যায়, যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে দেশ ছেড়ে ভারতে পালাতে বলা হয়।

বোয়ালি ইউনিয়নের বাতানিয়াচালা (বটতলা) এলাকার সার্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির সদস্য দিলীপ কুমার।

তিনি সাংবাদিকদের জানান, সকালে মন্দিরে তাদের হুমকি দিয়ে লেখা একটি রিচকুটও পাওয়া যায়।

ওই চিঠিতে লেখা আছে- “Stop statue worship/next here worship/we will cast bomb/or/all of you accept (Islam)/else/go to India/ordered by: এক নিষ্ঠ মুসলিম।”

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে কালিয়াকৈর থানার এসআই মুজিবুর রহমান বলেন, দুর্বৃত্তরা মন্দিরে থাকা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ, মহিষসহ বিভিন্ন মূর্তির মাথা, হাত ও পা ভেঙ্গে ফেলেছে।

এছাড়া মন্দির থেকে একটি প্রতিমা নিয়ে পাশ্ববর্তী ধান ক্ষেতে ফেলে দিয়েছে।

এ ঘটনায় ওই মন্দিরের সাধারণ সম্পাদক সূর্য মোহন সরকার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

তবে, এ ঘটনায় কে বা কারা জড়িত তা জানা যায়নি এবং এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।

বোয়ালি ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম ইব্রাহীম খলিল মূর্তি ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।