২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুর স্টেশন মাস্টারকে যুবলীগ নেতার মারধর

অবৈধভাবে বাংলাদেশ রেলওয়ের জায়গায় বসানো দোকানপাটের চাঁদা তোলাকে কেন্দ্র করে গাজীপুরের জয়দেবপুর স্টেশন মাস্টারকে মারধর করেছে যুবলীগ নেতা ও তার সহযোগীরা।  

গাজীপুর প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 11:36 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ওই ঘটনার পরপরই রেলওয়ের কর্মচারীরা বিক্ষোভ করলে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল এক ঘন্টা বন্ধ থাকে।

স্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের এএসআই মো. দাদন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টেশন এলাকায় বসানো দোকানের জন্য স্টেশন মাস্টার জিয়াউদ্দিনের কাছে আগে থেকেই চাঁদা দাবি করে আসছিলেন স্থানীয় যুবলীগ নেতা মো. সাখাওয়াত হোসেন।

রাত পৌনে ৮টার দিকে যুবলীগ নেতা সাখাওয়াত দুই সহযোগীসহ স্টেশনে এসে জিয়াউদ্দিনের কক্ষে ঢুকে আবারো দোকান বসানো বাবদ চাঁদা চান।

এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে জিয়াউদ্দিনকে তারা মারধর করেন।

মারধরকারীদের ঠেকাতে এগিয়ে আসেন স্টেশন মাস্টার জিয়াউদ্দিনের কক্ষে থাকা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুল আলম সিনিয়র উপ সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম এবং রেলওয়ে কর্মকর্তা কামরুল ইসলাম। এসময় তাদেরকেও অকথ্য ভাষায় গালি দেন মারধরকারীরা।

পরে স্টেশন মাস্টারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ঘটনার পর জয়দেবপুর রেলওয়ে জংশনের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটের ট্রেন চলাচল। ফলে রাত সাড়ে ৮টা থেকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশনে আটকা পড়ে।

পুলিশ এসে ওই ব্যাপারে আইনানুগ ব্যবস্থার নেয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি আবার খুলনার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে দেয়।