আচরণ বিধি লংঘনে কুড়িগ্রামে শোকজ-জরিমানা
নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম আবু হানিফ বিপ্লবকে শোকজ করেছে রিটার্নিং অফিসার।
কুড়িগ্রাম জেলা প্রশাসকের হল রুমে প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে অর্ধ শতাধিক লোক নিয়ে আবু হানিফ বিপ্লব তালা মার্কা নিয়ে মিছিল শুরু করে।
এ ঘটনায় আচরণ বিধির ২৬ ধারা মতে কেন প্রার্থীতা বাতিল করা হবে না তা জানতে মঙ্গলবার সন্ধ্যায় তাকে কারণ দর্শানোর চিঠি দেয় রিটার্নিং অফিসার।
চিঠিতে ৩ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে নিজে এসে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
জবাব সন্তোষজনক না হলে প্রার্থীতা বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়।
চিলমারী উপজেলায় ২ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
অপর দিকে নির্বাচনী বিধিমালা লংঘন করায় চিলমারী উপজেলা পরিষদের ২ চেয়ারম্যান প্রার্থীর ৩৭টি মোটর সাইকেল আটক করে ৩৭ হাজার ৯ শত টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম এসব তথ্যের সত্যতা স্বীকার করেন।
