২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিমু হত্যা মামলার বাদিকে আসামিপক্ষের জেরা

কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যার ঘটনায় করা মামলার বাদিকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 08:01 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে হিমুর মামা মামলার বাদি শ্রীপ্রকাশ দাশ অসিতকে জেরা করেন এক আসামির আইনজীবী। তাকে জেরা বুধবারও চলবে।

শ্রীপ্রকাশ দাশ অসিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামির আইনজীবী হিমুর পরিবার, আমার সঙ্গে তার পরিবারের আত্মীয়তা, আমার পেশা এবং ঘটনার দিনের বিষয়ে জানতে চান।”

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মামলায় দেয়া সাক্ষ্যে শ্রীপ্রকাশ জানান, মাদক ব্যবসায় বাধা দেয়ায় কুকুর লেলিয়ে হিমুকে হত্যা করা হয়।

২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশে শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় হিমুকে। আহতাবস্থায় ২৬ দিন চিকিৎসা নেয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শ্রীপ্রকাশ দাশ পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।

২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

কিন্তু চার দফা  শুনানি পেছানোর পর গত ৩ ফেব্রুযয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

অভিযুক্তরা হলেন জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।

এর মধ্যে টিপু ও সাজু জামিনে এবং বাকিরা পলাতক রয়েছেন।