২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামী-মামাতো বোনকে হত্যায় একজনের ফাঁসি

মাত্র তিন হাজার টাকার জন্য মামী ও মামাতো বোনকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 04:37 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারেক আহমেদ এ রায় দেন।

দণ্ডিত আমির হোসেন (২৫) সন্দ্বীপ উপজেলার খালিসপুর এলাকার বোরহান উদ্দিনের ছেলে।

এই ঘটনায় আরেক মামাতো বোনকে কুপিয়ে আহত করায় আমীরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও দেন বিচারক। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিরের ফাঁসির আদেশ হওয়ায় যাবজ্জীবনের সাজা কার্যকর হবে না।”

পিপি আইয়ুব খান বলেন, আসামি আমীর হোসেন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। এখন তিনি পলাতক।

মামলার ১৮ সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয়া হল।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ৭ জুলাই বিকালে সন্দ্বীপের গাছুয়া এলাকায় প্রবাসী মামা আব্দুল কাদেরের বাড়িতে যান আমির হোসেন।

মামী নিলোফার বেগমের কাছ থেকে তিন হাজার টাকা ধার চান তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মামি ও তার মেয়ে স্মৃতিকে (৭) ঘাড়ে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন আমির।

এ ঘটনা দেখে ফেলায় নিলোফারের আরেক মেয়ে সাথীকে (১১) বটি দিয়ে কুপিয়ে আহত করেন তিনি। কোপে সাথীর ডান হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পরদিন কাদেরের ভাই আব্দুল হাই বাদি হয়ে সন্দ্বীপ থানায় মামলা করেন।

২০১১ সালের ৮ অগাস্ট আমিরকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে ওই বছরের ১৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০১২ সালের ২৫ এপ্রিল আমিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরের বছর ১৭ জুলাই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।