কমিশনার আলীম হত্যায় ৮ জনের ফাঁসি
ঢাকার ৬২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা হাজি মো. আলীম হত্যা মামলায় আট জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডিতরা হলেন- সাঈদ আহমদ, রশিদ আহমদ, ফরিদ আহমদ, মো হারুন, মো. সিরাজ, শিবলু, শওকত ও কামাল। এদের মধ্যে সাঈদ, রশিদ ও ফরিদ তিন ভাই।
মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
মামলার আট আসামির সবাই জামিনে ছিলেন। রায়ের সময় শিবলু, শওকত ও কামাল আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণে বলা হয়, ১৯৯৬ সালের ৮ ফেব্রুয়ারি বিকালে মোটরসাইকেলে করে যাওয়ার পথে আজিমপুর রোডে গোরে শহীদ মাজার ও মসজিদ সংলগ্ন এলাকায় হামলার শিকার হন আলীম।
সন্ত্রাসীদের গুলি ও চাপাতির কোপে আলীম নিহত হন। গুরুতর আহত হন একই মোটরসাইলে থাকা তার ভাই নাজিম।
পরদিন সাত জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরো চার/পাঁচ জনকে আসামি করে লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের ছোট ভাই হাজি মো. বদির উদ্দিন।
নিহতের ছেলে ইস্টার্ন ইউনিভাসির্টির আইনের ছাত্র হাসিব উদ্দিন রচি আদালতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার কয়েকদিন আগে একটি চাঁদাবাজির ঘটনার শালিস করেন তার বাবা আলীম, যা আসামিদের বিরুদ্ধে যায়। এর জের ধরেই তাকে হত্যা করা হয়।
রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আট আসামির ফাঁসির আদেশ হওয়ায় তারা সন্তুষ্ট।
অন্যদিকে আসামিপক্ষের অন্যতম আইনজীবী মো. মহিউদ্দিন বলেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে মোট ১৮ জনের সাক্ষ্য নেয়া হয়। আসামিপক্ষে কেউ সাফাই সাক্ষ্য দেননি।
