২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার

সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য ছিনতাই ও হতাহতের পর গাজীপুরের কাশিমপুরে চার কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি ও তল্লাশি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 07:42 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ফাইল ছবি

ফাইল ছবি

রোববার তিন জঙ্গিকে কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেয়ার সময় ময়মনসিংহের ত্রিশালে বোমা বর্ষণ করে ও গুলি চালিয়ে তাদের ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন কয়েকজন।

সোমবার সকালে প্রধান কারাফটকে গিয়ে দেখা যায়, আসামিদের দেখতে আসা দর্শনার্থীদের দেহ ও ব্যাগ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার আব্দুর রাজ্জাক জানান, আসামি ছিনতাই ঘটনার পর থেকে এসব কারাগারে নজরদারি ও কারাফটকে স্বাক্ষাৎ প্রার্থীদের দেহ তল্লাশি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, জেএমবি এ তিন সদস্য ছাড়াও এ কারাগারে বর্তমানে ১০২ জন জেএমবি সদস্য বন্দি রয়েছেন। তাই এসব কারাগারে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তাদের গতিবিধির উপর নজরদারি বাড়ানো হয়েছে।

দায়িত্ব পালনের ক্ষেত্রে কারারক্ষীদের কোনো ধরনের অবহেলা ও অসতর্কতা যেন না হয় সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।

রোববার সকালে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮), ঢাকা কেন্দ্রীয় কারাগার- ২ থেকে বোমা মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদকে (৩৫)  প্রিজন ভ্যানে করে ময়মনসিংহ আদালতে পাঠানো হচ্ছিল।

সকাল ১০টার দিকে পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় এক পুলিশকে হত্যা করে ওই তিন আসামিকে ছিনিয়ে নেয়া হয়।

রোববার দুপুরেই টাঙ্গাইলে স্থানীয় জনতার সহায়তায় রাকিবুলকে আটক করে পুলিশ। গভীর রাতে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।