২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি ছিনতাই: গ্রেপ্তার দুজন ২০ দিনের রিমান্ডে

পুলিশকে হত্যা করে প্রিজন ভ্যান থেকে তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার মো. জাকারিয়া ওরফে মিলন ও রাসেলকে ২০ দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।   

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 06:48 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

দুজনকে অস্ত্র ও বিস্ফোরক আইনের দুই মামলায় ১০ দিন করে ২০ দিন পুলিশ হেফাজতের এই আদেশ সোমবার দিয়েছেন টাঙ্গাইলের হাকিম সোনিয়া বেগম।

রোববার সকালে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে টাঙ্গাইলের সখিপুরে একটি মাইক্রোবাসসহ আটক করা হয় জাকারিয়াকে।

এরপর টাঙ্গাইলের মির্জাপুরের তক্তারচালা এলাকা থেকে পালিয়ে যাওয়া রাকিবুল হাসানের সঙ্গে গ্রেপ্তার করা হয় রাসেলকে। মৃত্যুদণ্ডে দণ্ডিত জেএমবি নেতা রাকিবুল সোমবার ভোরে মির্জাপুরে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর এস আকবর খান সাংবাদিকদের বলেন, এই দুজনকে অভিযুক্ত করে সখীপুর থানার এসআই ওমর ফারুক ও আল মামুন বাদি হয়ে আলাদা দুটি মামলা করেন।

জাকারিয়াকে যে মাইক্রোবাস থেকে আটক করা হয়, তা জঙ্গি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হয়েছিল বলে পুলিশের দাবি। ওই গাড়ি থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়।

জাকারিয়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার পার্বতীপুর ইউনিয়নের দিনারপুর বাইরকাপাড়ার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মৃত আজাহার আলীর ছেলে। তার স্ত্রীকেও গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাকারিয়ার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে জানিয়ে পুলিশ বলেছে, চার মাস আগে কারাগার থেকে ছাড়া পান তিনি।

রাসেল গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুরের সোয়াপুর গ্রামের আবদুর রশীদের ছেলে।

একটি মামলায় হাজিরা দিতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নেয়ার সময় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত জেএমবি নেতা সালাউদ্দিন সালেহীন ওরফে সানি, রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে ছিনিয়ে যায় মুখোশধারীরা।