শালিখায় দ্বিধায় বিএনপি, আ.লীগে স্বস্তি
মাগুরার শালিখা উপজেলায় নির্বাচনে সুবিধাজনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। আর তাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বধীন জোটের ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আগামী ২৭ ফ্রেব্রুয়ারি শালিখা উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে।
তৃণমূল নেতাকর্মীদের মতামত নিয়ে এ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদায়ী চেয়ারম্যান আইনজীবী শ্যামল কুমার দে-কে প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলের অপর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে শ্যামল দে অনেকটা ভারমুক্ত হয়েছেন।
অপর দিকে চেয়ারম্যান পদে বিএনপির দুই নেতা ভোটযুদ্ধে নেমেছেন।
এরা হলেন দলীয় সমর্থন নিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও বুনাগাতী ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিল্টন।
এছাড়াও প্রার্থী হয়েছেন চরমোনাইয়ের ইসলামী অন্দোলনের উপজেলা সভাপতি মীর আকবর আলী।
দ্বিধাবিভিক্ত বিএনপি শিবিরের সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ তার সমর্থকরা মোজাফফরের পক্ষে এবং সাবেক সাংসদ কাজী কামালসহ তার সমর্থকরা আনিছুর রহমানের পক্ষে কাজ করছেন।
জামায়াতে ইসলামের নেতাকর্মীরাও দুই প্রার্থীর পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে গেছেন।
তাই নির্বাচনী প্রচারে ঘরের বিভক্তি নিয়ে বেশ সময় দিতে হচ্ছে এ দুই প্রার্থীকে।
তবে মোজ্জাফফর আশা করছেন, তিনি বিএনপিসহ জোট সমর্থিত প্রার্থী হওয়ায় দল ও জোটের সব ভোট তার বাক্সেই পড়বে।
এ এলাকায় চরমোনাইয়ের বেশ কর্মীসমর্থক থাকায় মীর আকবর মনে করছেন মূল লড়াইয়ে তিনিও থাকছেন।
