২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি ইনায়েতুর রহিম ট্রাইব্যুনাল-১ এর প্রধান

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া রায়ের অন্যতম বিচারক হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 02:17 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, নতুন দায়িত্বে বিচারপতি ইনায়েতুর রহিম হাই কোর্ট বিভাগের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা বিচারপতি এ টিএম ফজলে কবীর গত বছরের ৩১ ডিসেম্বর অবসরে গেলে এই আদালতের বিচার কার্যক্রমে কার্যত স্থবিরতা তৈরি হয়।

বর্তমানে এ আদালতে বিচারাধীন পাঁচ মামলার মধ্যে  রয়েছে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ।

আওয়ামী লীগের বিগত সরকারের সময়ে ২০০৯ সালের ৩০ জুন অতিরিক্ত বিচারক হিসাবে হাই কোর্টে নিয়োগ পাওয়ার পর ২০১১ সালের ৬ জুন স্থায়ী হন বিচারপতি ইনায়েতুর রহিম।

ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার দিনও হাই কোর্টের একটি দ্বৈত ফৌজদারি বেঞ্চের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় গত বছর অগাস্টে এক রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাই কোর্ট।

বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি কাজী রেজা-উল হকের সঙ্গে ওই বিচারপতি এম ইনায়েতুর রহিমও ওই বেঞ্চে ছিলেন।

১৯৬০ সালের ১১ অগাস্ট জন্মগ্রহণকারী ইনায়েতুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর এলএলবি ডিগ্রি নেন। আইন পেশায় যোগ দেয়ার পর ১৯৮৯ সালে তিনি হাই কোর্টের আইনজীবী হন।

২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ২০০৫ সালে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন ইনায়েতুর রহিম।

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য থাকাকালে ২০০৯ সালের ২৯

জানুয়ারি সরকার তাকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দেয়।