সাবেক ভূমি মন্ত্রী হীরাকে কারণ দর্শানো নোটিশ
উপজেলা নির্বাচনে দলের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণ দর্শাতে বলা হয়েছে আওয়ামী লীগ দলীয় সাংসদ সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরাকে।
শনিবার সন্ধ্যায় জামালপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের এক জরুরি বর্ধিত সভায় তাকে নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাকী বিল্লাহ জানান, জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য রেজাউল করিম হীরা তার উপর অর্পিত দলীয় দায়িত্ব নির্বাচনের সময় সঠিকভাবে পালন করেননি।
দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অভিযোগ ওঠায় রেজাউল করিম হীরাকে কেন দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
হীরা জামালপুর সদর আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য।
বাকী বিল্লাহর সভাপতিত্বে এ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটির ৫৭ জন উপস্থিত থাকলেও হীরা অনুপস্থিত ছিলেন।
বুধবারের সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিজয়ী চেয়ারম্যান আমজাদ হোসেন মল্লিক। তিনি রেজাউল করিম হীরার ঘনিষ্ঠ আত্মীয়।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ পরাজিত হন।
