চট্টগ্রামে আগুনে পুড়েছে ৮ বসতঘর
চট্টগ্রামের দুটি এলাকায় আগুনে আটটি কাঁচা ঘর ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে।
শনিবার দুপুরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জের করেরহাট এলাকায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর শাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে।
“আগুনে আট জন মালিকের আটটি কাঁচা ঘর পুড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।”
এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর স্টেশন রোডে সূর্য বিতান মার্কেটে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সারওয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে মার্কেটের তিনটি শুটকি বিক্রয়কারী প্রতিষ্ঠানের কার্যালয় পুড়ে গেছে।
“এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”
