ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির বৃত্তি পেল ১৫১ শিক্ষার্থী
রংপুরের মুক্তিযোদ্ধা পরিবারের ১৫১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি।
শনিবার বিকালে রংপুর শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে প্রথম বছরের বৃত্তির টাকা তুলে দেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
এসএসসি ও এইচএসসি পর্যায়ে ৮২ জনকে বছরে ১০ হাজার টাকা করে দুইবছর এবং উচ্চ শিক্ষার জন্য ৬৯ জনকে বছরে ২৪ হাজার টাকা করে চার বছর বৃত্তি দেয়া হবে বলে মৈত্রী সমিতির কর্মকর্তারা জানান।
ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি রংপুর শাখার সভাপতি ডা. একরামুল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির ঢাকার মহাসচিব সুবির কিশোরী বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
তিনি বলেন, বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার স্বপ্ন বাস্তবায়নে মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সক্ষম হবে।
ডেপুটি স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছিল, বর্তমানে করছে এবং ভাবিষ্যতেও করবে।
ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির মাধ্যমে দুদেশের সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, ঢাকায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তা মনোজ কুমার প্রমুখ।
