২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠিকাদারি কার্যাদেশ বাতিল করলেন যোগাযোগ মন্ত্রী

যশোর-খুলনা মহাসড়কের সংস্কার কাজে দেরি হওয়ায় গাফিলতি ও অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 07:08 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

শনিবার যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনের পর মন্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠান 'ইউলিঙ্ক ইন্টারন্যাশনালের' কার্যাদেশ বাতিলের নির্দেশ দেন যশোরের সড়ক ও জনপদকে।

সন্ধ্যায় সড়ক ও জনপদ, যশোরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রীর নির্দেশের পরপরই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল করা হয়েছে।

মন্ত্রীর নির্দেশনায় কার্যাদেশ বাতিলের বিষয়টি যোগাযোগ মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।

নির্বাহী প্রকৌশলী আরো জানান, মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা আসার পর ওই সড়কের দরপত্র আবার আহ্বান করা হবে।

এর আগে সকাল ১১টার পর মহাসড়কটি পরিদর্শনে গিয়ে এর সংস্কার কাজ ধীর গতিতে হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও অবহেলাকে দায়ী করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছেই এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউলিঙ্ক ইন্টারন্যাশনালের কার্যাদেশ বাতিলের ঘোষণা দেন কাদের।

তিনি তখন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ মহাসড়কের ৬৬ কিলোমিটারের মধ্যে মাত্র তিন কিলোমিটার খারাপ অবস্থায় রয়েছে। আমি দশবার এখানে আসার পরও কাজ শেষ হয়নি।

"আজই তাদের কার্যাদেশ বাতিল করা হলো। আগামীকালই ১৯ কোটি ৫০ লাখ টাকার নতুন টেন্ডার আহ্বান করা হবে।"

আগামী ৭০ দিনের মধ্যে যশোর-খুলনা মহাসড়কসহ কোনো সড়কে গর্ত থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলা নসিমন, করিমন, ইজিবাইককে যানজট ও দুর্ঘটনার কারণ চিহ্ণিত করে মন্ত্রী বলেন, যানজটের কারণে মানুষের ভোগান্তি বাড়ছে।

সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফকির আব্দুর রব, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রমুখ এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।