২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে একুশের বইমেলা

ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 01:40 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

একুশে ফেব্রুয়ারিতে শুক্রবার জাতি সংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে বইমেলার উদ্বোধন হয়।

মেলা উদ্বোধন করে প্রবাসী লেখক ফেরদৌস সাজেদীন বলেন, “বাংলা ভাষা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা নিয়ে ভাবার কোনো বিষয় আর নেই। অশুদ্ধ উচ্চারণ বা ভাষার ব্যবহারে বিচ্যুতি থাকলেও তা ঠিক হয়ে যাবে।”

বইমেলার আয়োজক সংগঠন ‘মুক্তধারা ফাউন্ডেশন’র প্রধান বিশ্বজিত সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে লেখক হাসান ফেরদৌস, কলামনিস্ট নাসিমুন নাহার নিনি, কবি শামস আল মোমীন, নাট্যকার মুজিব বিন হক, আবৃত্তিকার লুৎফুন নাহার লতা, লেখক আবু রায়হান, রানু ফেরদৌস, সাকিনা ডেনী আলোচনা ও কবিতা পাঠ করেন।

অনুষ্ঠানের শেষে সম্মিলিত কণ্ঠে একুশের গান ও ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

মেলায় প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে হাসান ফেরদৌসের ‘মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা’, ‘পিকাসোর তিন রমনী’, আহমেদ মুসার ‘আম আমেরিকার এক্সরে রিপোর্ট’, পূরবী বসুর ‘আমার এ দেহখানি’, কবি শামস আল মোমনের ‘আমি বন্দী খোলা জানালার কাছে’ ইত্যাদি।

নানা আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে প্রবাসী বাঙালিরা।

একুশে ফ্রেব্রুয়ারিতে ২৫৬ পৃষ্ঠার একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে উত্তর আমেরিকায় বাংলা ভাষার সর্বাধিক প্রচারিত ‘সাপ্তাহিক ঠিকানা।’ এজন্য পাঠককে অতিরিক্ত দাম দিতে হচ্ছে না। দেড় ডলারেই তা বিক্রি হচ্ছে।

ট্যাবলয়েড সাইজের এ পত্রিকার যাত্রা শুরু হয় ১৯৯০ সালের ২১ ফেব্রুয়ারি, এবার ছিল ২৪ বছর পূর্তি এবং সে উপলক্ষে বৃহৎ পরিসরে এবার একুশে সংখ্যা প্রকাশিত হল বলে জানিয়েছেন ঠিকানা সম্পাদক লাবলু আনসার।

এই সংখ্যায় ১৯৯০ এর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং পরে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী প্রধান বিচারপতি সাহাবউদ্দিন আহমদের একটি সাক্ষাৎকার রয়েছে। বাংলাদেশ, কলকাতা ও প্রবাসের ১৫৮ জন কবি-লেখক-সাহিত্যিক-কলামনিস্টের লেখা স্থান পেয়েছে এই সংখ্যায়।

এবার একুশে ফেব্রুয়ারিতে ‘টাইম টেলিভিশন’ নামক একটি ইন্টারনেট টিভির সম্প্রচার শুরু হয়েছে। এর ব্যবস্থাপনায় রয়েছেন সাংবাদিক আবু তাহের।

একুশের প্রথম প্রহরে নিউ ইয়র্কে শহীদ দিবস পালনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচোরের মধ্য দিয়ে টাইম টিভির আত্মপ্রকাশ ঘটেছে। এ টিভির স্লোগান হচ্ছে ‘একুশ আমাদের শক্তি, একুশ আমাদের গর্ব’।

এই টেলিভিশনে প্রবাসী বাংলাদেশিদের জীবনাচারের ভিত্তিতে অনুষ্ঠান তৈরি ও প্রচার হবে বলে আবু তাহের জানিয়েছেন।

মুক্তিযোদ্ধা সংসদ ও কমান্ডের আলোচনা

একুশে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ ও যুব কমান্ডের এক আলোচনা সভায় বক্তরা বায়ান্নোর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের যথাযথ মূল্যায়ন এখনো হয়নি বলে অভিযোগ করেন।

শুক্রবার রাতে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের গ্রিনহাউজ পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই আলোচনায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরনবী কমান্ডার, পরিচালনা করেন আকতার উদ্দিন আহমেদ চৌধুরী ও শাহীন ইবনে দিলওয়ার।

সভার প্রধান অতিথি মুক্তিযোদ্ধা ও নিউ জার্সির কাউন্সিলম্যান নূরুন্নবী বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নেতৃত্ব প্রদান করেছেন বঙ্গবন্ধু। অথচ ইতিহাসে তার সে মূল্যায়ন স্বীকার করতে অনেকেই নিদারুণ কৃপণতা প্রদর্শন করেছেন।”

সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হুসাইন কবীর, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা নূরুল আমিন, নাট্যব্যক্তিত্ব সউদ চৌধুরী, সমাজকর্মী হাজী মফিজুর রহমান প্রমুখ।