ব্যাংকে চুরি: সোহেলের মামাশ্বশুর গ্রেপ্তার
কিশোরগঞ্জে সোনালী ব্যাংক থেকে ১৬ কোটি টাকা চুরির ঘটনার ‘হোতা’ হাবিবুর রহমান সোহেলের (ইউসুফ মুন্সী) মামা শ্বশুর সিরাজউদ্দিন গ্রেপ্তার হয়েছেন।
এর আগে গ্রেপ্তার সোহেলের বক্তব্য অনুযায়ী, সিরাজের ইন্ধন ও পরিকল্পনায় তিনি গর্ত খুঁড়ে ব্যাংকে ঢুকে টাকা চুরি করেছিলেন।
চুরি যাওয়া প্রায় সব অর্থসহ সোহেলকে গত ২৮ জানুয়ারি গ্রেপ্তার করে র্যাব। এই বাহিনীর সদস্যরা শনিবার সকালে ভৈরব থেকে গ্রেপ্তার করে সিরাজকে।
র্যাব-৯ এর ভৈরব ফাঁড়ির কর্মকর্তা মেজর শাকিব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভৈরব রেল স্টেশন থেকে সিরাজকে আটক করা হয়।
সিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে চেয়ে দুপুরে তাকে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ হাকিম আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাব-১৪ এর এএসপি রাজীব কুমার দেবের ওই আবেদন নিয়ে বিচারক রাজীব উল হাসান আগামী ২৪ ফেব্রুয়ারি শুনানির তারিখ ঠিক করেন। তিনি আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিরাজ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়া ওরফে রব ভূঁইয়ার প্রথম স্ত্রীর ছেলে।
বিদেশ থেকে ফেরা সোহেল ওরফে ইউসুফের দ্বিতীয় স্ত্রীর মামা এই সিরাজউদ্দিন। তার কাছে ৫ লাখ টাকা পাওনা ছিল বলে সোহেলের দাবি।
সোহেল বলেছিলেন, পাওনা টাকা ফেরত চাইলে ব্যাংক থেকে টাকা চুরির পরামর্শ দিয়ে সেই সঙ্গে কিভাবে চুরি করতে হয়, তা শিখিয়ে দেন সিরাজ।
কিশোরগঞ্জ শহরে ব্যাংকের পাশে বাসা ভাড়া নেয়ার জন্য সিরাজ ওই বাড়ির মালিককেও নানাভাবে প্রলুব্ধ করেছিল বলে সোহেলের দাবি।
গত ২৬ জানুয়ারি সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ভল্টে গর্ত দেখার পর চুরির বিষয়টি ধরা পড়ে। ওই গর্তের অন্য মুখ ছিল ২২ ফুট দূরে সোহেলর ভাড়া বাড়ির কক্ষে।
মোট ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি হয়েছিল ব্যাংক থেকে, সোহেলকে আটকের সময় তার কাছে ১৬ কোটি ১৯ লাখ টাকা পাওয়া যায়।
চুরির ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ একটি মামলা করেছে, হাই কোর্টের এক নির্দেশে তা তদন্ত করছে র্যাব।
সুড়ঙ্গ তৈরিতে ২ বছর, চুরির পর ধরা ২ দিনে
ইউসুফ মুন্সী ‘নাম ভাঁড়িয়ে’ সোহেল, ইদ্রিস তার ভাই
