কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হরিশ্চরে কভার্ডভ্যানের চাপায় দুই অটোরিকশাআরোহী নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮ টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, নোয়াখালীগামী কভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দিলে অজ্ঞাতপরিচয় এক নারী ঘটনাস্থলেই নিহত হন।
অটোরিকশার বাকি চার আরোহীকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে হরিশ্চর স্কুল অ্যন্ড কলেজের শিক্ষক ফখরুল ইসলামও (৪০) মারা যান।
এদিকে দুর্ঘটানার পর এলাকাবাসী ও ছাত্ররা ওই কভার্ডভ্যানে আগুন দেয় এবং ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখে।
পরে হাইওয়ে পুলিশের এএসপি শৈলেন চাকমাসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
