চট্টগ্রামে ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
বাংলা ভাষার জন্য আত্মদানকারী শহীদদের পরম শ্রদ্ধায় স্মরণ করছে চট্টগ্রামবাসী।
১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা ফুল দিয়ে শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নান, নগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে নৌমন্ত্রী শাজাহান খানও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে লাখো মানুষের ঢল নামে শহীদ মিনারে। শিশু-কিশোর, বৃদ্ধ সবাই ফুল নিযে শ্রদ্ধা জানাতে আসেন ভাষার জন্য জীবনদানকারী শহীদদের।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রভাতফেরি অংশ নেয়।
অন্যদিকে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চবি উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, উপউপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
পরে বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান হোসেন, চবি শিক্ষক সমিতি,হল প্রভোস্ট কমিটি, সিনেট সদস্য, বিভিন্ন বিভাগ, কর্মচারি সমিতি, অফিসার্স সমিতি, সাংবাদিক সমিতি ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
