বার্তা আল কায়েদার, দাবি আল-ফুরসানের
বাংলাদেশে জিহাদের ডাক দিয়ে আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির অডিও বার্তা প্রকৃত অর্থেই আল কায়েদার বলে দাবি করেছে আল-ফুরসান মিডিয়া নামে একটি ‘জিহাদি’ ওয়েবসাইট।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টে আল- ফুরসান মিডিয়া বলেছে, “গত জানুয়ারির মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের মুসলিমদের সার্বিক অবস্থা তুলে ধরে আস সাহাব মিডিয়া শাইখ আইমান আল জাওয়াহিরির বার্তা ভিডিও আকারে প্রকাশ করে, যার মূল সূত্র হচ্ছে আল কায়েদার মিডিয়া কেন্দ্র আল ফজর। এই ভিডিওটি সর্বপ্রথম প্রকাশিত হয় আল কায়েদার মূল দুই ফোরাম শুমুখ আল ইসলামিক ফোরাম ও আল ফিদা ইসলামিক নেটওয়ার্কে।”
‘শাইখ আইমান আল জাওয়াহিরি (দা. বা.) এর বার্তা নিয়ে বাংলাদেশের তাগুতি মিডিয়াগুলোর মিথ্যা প্রচারণার জবাব’ শিরোনামে দেয়া পোস্টে আল-ফুরসান বলেছে, গত জানুয়ারিতেই আইমান আল-জাওয়াহিরির তিনটি ভিডিও প্রকাশিত হয়েছে, যার দুটি শাম ও মিশরের প্রতি এবং অন্যটি বাংলাদেশ নিয়ে।
এতে বলা হয়, “অনেক তাগুতি মিডিয়া প্রচারণা চালাচ্ছে যে, এই ভিডিওটি আড়াই মাস আগে প্রকাশ হয়েছিল। এটিও ভুল ধারণা। মূলত ঐ ভিডিওটি শাইখ আইমান আল জাওয়াহিরির আরেকটি ভিডিও এর ক্ষুদ্র অংশবিশেষ যাতে শাইখ বার্মা ও বাংলাদেশের মুসলিমদের অবস্থা উম্মাহর মাঝে তুলে ধরেছেন। এই অংশ বিশেষ বাংলায় অনুবাদ করেছে আন নাছর মিডিয়া।”
ওয়াশিংটনভিত্তিক জেহাদোলোজি ডট নেটে প্রকাশিত জাওয়াহিরির অডিও বার্তাটি পর্যালোচনায় দেখা যায়, আরবি ভাষায় অডিও বার্তার সঙ্গে ইংরেজি সাবটাইটেল যুক্ত রয়েছে। ওই বার্তায় বাংলা সাবটাইটেল বা ডাবিং নেই। কিন্তু বাংলাদেশে আল-জাওয়ারির বার্তাটি প্রচার হয়েছে বাংলা সাবটাইটেল ও ডাবিংসহ।
১৪ জানুয়ারি আল কায়েদার নিজস্ব ফোরামে জাওয়াহিরির বার্তাটি প্রচারের পর আল ফালাহ ব্লগ নামে একটি ‘জেহাদি’ ব্লগ তার বক্তব্য বাংলায় অনুবাদ করে। ২৮ জানুয়ারি দাওয়াহ ইল্লাল্লাহ নামের ফেসবুক পৃষ্ঠায় জাওয়াহিরির বক্তব্যের বাংলা অনুবাদ প্রকাশিত হয়। আল কায়েদা প্রধানের অডিও বার্তা অনুবাদ, বাংলা সাবটাইটেল, ডাবিং ইত্যাদি কাজগুলো alfalahblog.wordpress.com করেছে বলে ফেইসবুক পোস্টে বলেছে আল-ফুরসান মিডিয়া।
