বার্গম্যানের ব্যাখ্যা চাইল ট্রাইব্যুনাল
নিজের ব্লগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ‘বিরূপ মন্তব্য করার’ অভিযোগের ব্যাখ্যা দিতে সাংবাদিক ডেভিড বার্গম্যানকে তলব করেছেন বিচারক।
আগামী ৬ মার্চ তাকে নিজে উপস্থিত হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
হাই কোর্টের এক আইনজীবীর অভিযোগের শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আবেদনকারী আবুল কালাম আজাদের পক্ষে তার আইনজীবী মিজান সাঈদ মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি জমা দেন।
যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়ার সমালোচনা করে লেখালেখির জন্য বিচারপ্রার্থী আন্দোলনের কর্মীদের কাছে সমালোচিত বার্গম্যান।
এর আগে ২০১১ সালে ইংরেজি দৈনিক ‘নিউ এইজ’ এ মতামত কলামে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন বিষয়ে বিরূপ মন্তব্য করায় ডেভিড বার্গম্যানকে কঠোর ভাষায় সতর্ক করেছিল ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বার্গম্যানের বিরুদ্ধে অবমাননার অভিযোগ তুলে করা আবেদনের পক্ষে শুনানি করেন আবেদনকারীর আইনজীবী মিজান সাঈদ।
শুনানিতে তিনি বলেন, ডেভিড বার্গম্যান ট্রাইব্যুনাল রায় ঘোষণার আগেই সেই রায় নিয়ে মন্তব্য করেছেন। এছাড়া বিচারাধীন বিষয় নিয়েও তিনি মন্তব্য করেছেন তার লেখায়।
“এসব মন্তব্য বিচারিক আদালতের জন্য হুমকিস্বরূপ এবং জনস্বার্থবিরোধী। একইসঙ্গে এসব লেখা রায় নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং জাতীয় অনুভূতিকে ক্ষতিগ্রস্ত করেছে।
শুনানির পরে বার্গম্যানের কাছে ব্যাখ্যা চেয়ে আদেশ দেয় ট্রাইব্যুনাল।
বুধবার অভিযোগ জমা দিয়ে হাই কোর্টের আইনজীবী সাঈদ মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গঠিত অভিযোগে ট্রাইব্যুনাল বলেছিল, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ৩০ লাখ মানুষ শহীদ হয়, দুই লাখ নারী ধর্ষিত হয় এবং প্রায় এক কোটি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়। ডেভিড বার্গম্যান তার ব্লগে লিখেছেন, ট্রাইব্যুনালের দেয়া এসব তথ্যের কোনো ভিত্তি নেই।
“২০১১ সালের ১১ অক্টোবর প্রকাশ করা ওই লেখাটি এখনো তার ব্লগে পাওয়া যাচ্ছে। ট্রাইব্যুনালের আদেশে দেয়া তথ্যের বিরোধিতা’ করেছেন তিনি লেখাটিতে। তাই সাধারণ নাগরিক হিসেবে এ বিষয়টি জুডিশিয়াল নোটিসে এনে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছি আমরা।”
মিজান আরো জানান, ২০১৩ সালের ২৮ জানুয়ারি পলাতক আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের রায় ঘোষণার পরও ব্লগে ওই রায় নিয়ে সমালোচনা করেন ডেভিড বার্গম্যান।
নতুন অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাইলে ডেভিড বার্গম্যান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ওই আবেদন এখনো দেখেননি বলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না তিনি।
নিজের ব্লগের বিষয়ে তিনি বলেন, “সেখানে ট্রাইব্যুনালের দেয়া কিছু আদেশ নিয়ে সমালোচনামূলক মন্তব্য রয়েছে, তবে সেগুলো পরিমিত ও নিরপেক্ষ, যদিও কেউ কেউ এতে দ্বিমত পোষণ করতে পারে।”
২০১১ সালের ২ অক্টোবর ‘এ ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর আদালত অবমাননার অভিযোগে প্রতিবেদক ডেভিড বার্গম্যান, নিউ এইজ সম্পাদক নুরুল কবির এবং প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানকে কারণ দর্শাতে বলে ট্রাইব্যুনাল।
শুনানি শেষে ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ডেভিড বার্গম্যানকে সর্বোচ্চ সতর্ক করে আদেশ দেয়া হয়।
সে সময় আদালত অবমাননা হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল শুধুমাত্র ভাবমূর্তির বিবেচনায় সংশ্লিষ্টদের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যান বর্তমানে ইংরেজি দৈনিক নিউ এইজের বিশেষ প্রতিনিধি। তিনি সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের মেয়ে আইনজীবী সারা হোসেনের স্বামী।
ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে ফের আদালত অবমাননার অভিযোগ
