২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ডিলু ও টুকুর এলাকায় জামায়াত জয়ী

পাবনার ৩টি উপজেলা নির্বাচনে দুটিতে জামায়াত সমর্থিত প্রার্থী এবং একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 01:16 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

এরমধ্যে পাবনার আটঘরিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর জহুরুল ইসলাম, সাঁথিয়া উপজেলায় মোকলেছুর রহমান এবং সুজানগর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রাথী আবুল কাশেম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা বেনজামিন রিয়াজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটঘরিয়া উপজেলায় জামায়াত সমর্থিত ১৯দলীয় জোট প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম খান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর নির্বাচনী এলাকায় তার দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম রতন হেরেছেন।

বিজয়ী প্রার্থী জহুরুল মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৭৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন আনারস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪ ৪২ ভোট।

সাঁথিয়া উপজেলা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর নির্বাচনী এলাকা সাঁথিয়া উপজেলার নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোখলেছুর রহমান বিজয়ী হয়েছেন।

তিনি ঘোড়া প্রতীকে ৫৪ হাজার ১০৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মঞ্জুর ইলাহী হেলিকপ্টার প্রতীকে ৩৬ হাজার ৩ ৩৬ ভোট পান।

জামায়াতের আমীর যুদ্ধাপরাধী মামলায় রায়ের অপেক্ষায় থাকা সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এই এলাকা থেকে আগে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

সুজানগর উপজেলায় আওয়ামী লীগ

পাবনার সুজানগর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কাশেম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি আনারস প্রতীকে ৮০ হাজার ৫৮৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু মোটর সাইকেল প্রতীকে ১৫ হাজার ১০৫ ভোট পেয়েছেন।

তবে তিনি সকাল ১০ টার দিকে বিভিন্ন ভোটকেন্দ্রে কারচুপি এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ভোটারদের ভোট প্রদানে বাধা দান ও মারধরের অভিযোগে নির্বাচন প্রত্যাখান করেন।