২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত শিশু মৃত্যুর ৪ দিন পর মন্ত্রীর পরিদর্শন

সড়ক দুর্ঘটনায় বেনাপোলের সাত শিশু নিহত হওয়ার চার দিনপর ক্ষতিগ্রস্তদের দেখতে গেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 10:26 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার দুপুরে বেনাপোলের ছোটআচড়া গ্রামে মন্ত্রীকে কাছে পেয়ে নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।এ সময় প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে সাহায্য দেয়ার ঘোষণা দেন তিনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম জানান, বেনাপোল পৌরসভার উদ্যোগে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল থেকেই কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, স্মরণসভা এবং দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়।

দোয়া অনুষ্ঠান শেষে মন্ত্রী যান ছোট আচড়া গ্রামে।সেখানে শোকগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটান তিনি।

প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে গিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, “প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে নিহত প্রতিটি শিশুর পরিবারকে এক লাখ করে টাকা এবং যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে আরও এক লাখ টাকা করে প্রদান করা হবে।”

এছাড়াও আহত শিশুদেরকে রাষ্ট্রের খরচে চিকিৎসা দেয়া এবং তাদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা নগদ দেয়া হবে বলেও তিনি জানান।

উপস্থিত গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দ্বিতলভবনে উন্নীত করার ঘোষণাও দেন তিনি।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম জানান, নিহত শিশুদের স্মৃতি রক্ষার্থে পৌরসভার উদ্যোগে বিদ্যালয়ের সামনে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে।

এরআগে সকাল সাড়ে ৯টার দিকে যশোর সম্মলিতি সামরকি হাসপাতালে যান মন্ত্রী। সেখানে চিকিৎসারত সাত শিক্ষার্থী এবং এক শিক্ষকের খোঁজখবর নেন।

গত ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে শার্শা উপজেলার বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বনভোজন থেকে  ফেরার পথে যশোরের চৌগাছা উপজেলায় তাদের বহনকারী বাসটি উল্টে পুকুরে পড়লে সাত শিক্ষার্থী নিহত হয়। আহত হয় অনেকে।