সাভারে দুই প্রার্থীর জরিমানা
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাভার উপজেলায় দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিএনপির বিদ্রোহী প্রার্থী শরীফ হোসেন খানকে ১০ হাজার টাকা এবং আওয়ামী লীগ সমর্থিত আবদুল আওয়ালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় এ উপজেলায় ভোট হবে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার পর থেকে প্রার্থীদের প্রচারণা চালানোর কথা থাকলেও এর আগেই একাধিক মাইক ব্যবহার করে উপজেলা চত্বরে নির্বাচনী প্রচারণা চালান শরীফ হোসেন খান।
এ কারণে তাকে সতর্ক করে দিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে একের অধিক মাইক ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগে আবদুল আওয়ালকে দুই হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান ম্যাজিস্ট্রেট লিয়াকত।
