২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা

যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার পর পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 05:22 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার বেলা ১২টার দিকে রাজঘাট জাফরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আশিষ কুমার নন্দী জানান, ঘটনার সময় কেন্দ্রে ভোটার উপস্থিতি সাময়িকভাবে কমে গেলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে ১০-১৫ জন যুবক ভোটার সেজে কেন্দ্রে ঢুকে জাল ভোট দেয়ার চেষ্টা করে। তাদের বাধা দিলে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা।

“এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”

খবর পেয়ে পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) এসএম মনিরুজ্জামান, ম্যাজিস্ট্রেট জিএম সরফরাজের নেতৃত্বে বিজিবির একটি দল এবং সেনাবাহিনীর একটি দল ওই কেন্দ্রে যায়।

এসএম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে সন্ত্রাসীরা পালিয়েছে। যে কোনো উপায়ে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা হবে।”

উপজেলার অন্য কোনো কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া যায়নি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফাত মেহনাজ জানান।

প্রথম দফার নির্বাচনে শুধু অভয়নগরে বুধবার ভোট হয়। ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর সহিংসতা ঘটলেও মালোপাড়ার হিন্দু ধর্মাবলম্বীরা এদিন স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।

সকাল থেকে মালোপাড়ার চাপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে তাদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গেছে।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তিমির বর্মণ সরকার জানান, দুপুর পর্যন্ত তার কেন্দ্রে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। স্বতস্ফূর্ত পরিবেশে ভোট হয়েছে।

এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- ১৯ দল সমর্থিত নুরল হক মোল্যা, আওয়ামী লীগ সমর্থিত রবিন অধিকারী ব্যাচা, ইসলামী আন্দোলন সমর্থিত বিএম মহিউল ইসলাম, নাগরিক কমিটির প্রার্থী আতিয়ার রহমান।

৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত অভয়নগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৭০ জন, কেন্দ্র ৬২টি।