২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় ব্যালট বাক্সে আগুন, এক কেন্দ্রে ভোট বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি কেন্দ্রে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াত সমর্থকদের কয়েকদফা সংঘর্ষ এবং ব্যালট বাক্সে অগ্নিসংযোগের পর ভোট গ্রহণ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 05:18 PM

Updated : 25 Apr 2022, 03:50 PM

বুধবার দুপুরে সলপ ইউনিয়নের নলসন্ধ্যা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নলসন্ধ্যা কেন্দ্রের আশপাশে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি-জামায়াত সমর্থকরা লাঠিসোটা নিয়ে নলসন্ধ্যা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা পাঁচটি ব্যালেট বাক্স ছিনিয়ে নিয়ে বিদ্যালয় চত্বরেই আগুন ধরিয়ে দেয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফরিদুল ইসলাম বলেন, কেন্দ্রটি উপজেলা নির্বাচন অফিস থেকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও মাত্র তিনজন পুলিশ কনস্টেবল ও সাতজন আনসার দায়িত্বে ছিলেন।

সকালে এক দফা গণ্ডগোল হলেও দুপুরে কয়েকশ লোক সশস্ত্র অবস্থায় এসে পাঁচটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে মাঠে আগুন ধরিয়ে দেয়। পরে উপজেলা রিটার্নিং অফিসারের সাথে আলোচনা করে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্র্রের ৩৭৮৭ জন ভোটারের মধ্যে প্রায় এক হাজার ৪০০ জন ভোট দেয় বলেও জানান তিনি।

উপজেলা রিটার্নিং অফিসার শামীম আলম বলেন, “খবর পেয়ে স্ট্র্র্রাইকিং ফোর্স পাঠিয়েছি। কিন্তু দুরত্ব ও যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের পৌঁছতে দেরি হওয়ায় দুর্বৃত্তরা পাঁচটি ব্যালট বাক্স পুড়িয়ে ফেলে।”

উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নলসন্ধ্যা গ্রামের বাসিন্দা আবু সাঈদ এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে বলেন, “উপযুক্ত নিরাপত্তার অভাবে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডটি ঠেকাতে পারিনি।”

উপজেলা বিএনপির সহ-সভাপতি পৌর মেয়র বেলাল হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

জামায়াত নেতা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ হোসেন মিন্টু এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।