জামিন হয়নি গৌতম হত্যার আসামির
সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সিদ্দিকুর রহমান মিয়াকে জামিন দেয়নি হাই কোর্ট।
বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ বুধবার জামিন না দিয়ে আসামিকে কেবল আপিলের অনুমতি দেয়।
বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের পাশাপাশি জামিন চেয়ে হাই কোর্টে এ আবেদন করেছিলেন সিদ্দিকুর রহমান মিয়া।
এ মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত অপর দুই আসামি আসিফ ইমরান ও আসিফ ইমতিয়াজ বুলুও জামিনের আবেদন করেছেন। আগামী সপ্তাহে তাদের আবেদনের শুনানি হবে বলে আদালত জানিয়েছে।
গত ২৭ জুন ঢাকার ১ নম্বর দ্রুতবিচার আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন অন্য ছয় আসামির সঙ্গে এই তিনজনকেও যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন।
বাকি আসামিরা হলেন- কাজী মুরাদ, কামরুল ইসলাম আপন, আসাদ বিন কাদির, তামজিদ হোসেন বাবু, রাজিব হাসান মিয়া এবং আবু তাহের মতুর্জা ওরফে অ্যাপোলো।
ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কারে অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করার জেরে দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতমকে ২০০৫ সালের ১৭ নভেম্বর তার কার্যালয়ে ঢুকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়।
গত এক দশকে সাংবাদিক হত্যার ঘটনায় এই প্রথম কোনো মামলার রায়ে আসামিদের সাজা দেয়া হয়।
রায়ে বিচারক বলেন, সাংবাদিক গৌতম সৎ উদ্দেশ্য নিয়েই ওই দুর্নীতির খবর প্রকাশ করেছিলেন বলে মামলায় প্রমাণিত হয়েছে।
মামলার ১০ আসামির মধ্যে জাহিদ খান আগেই মারা যান।
২০০৬ সালের ১৯ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দাখিলের পর ‘স্পর্শকাতর’ বিবেচনায় সরকার ওই বছর এপ্রিলে মামলাটি ফরিদপুর থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায়। মোট চারজন বিচারকের হাত ঘুরে মামলাটি রায়ের পর্যায়ে আসে।
২০০৭ সালের ১৩ নভেম্বর আসামি পক্ষ এ মামলার বিচারের ওপর হাই কোর্ট থেকে স্থগিতাদেশ পেলেও পরে তা প্রত্যাহার করা হয়।
গৌতম হত্যা: ৯ জনের যাবজ্জীবন
সাংবাদিক গৌতম হত্যায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
