সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান সুস্পষ্ট: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের সুস্পষ্ট অবস্থান রয়েছে।
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, “বিশ্ব শান্তি রক্ষা এবং সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। আর সে আদর্শকে সামনে রেখে আমাদের সশস্ত্র বাহিনীকে সামনে এগিয়ে যেতে হবে।”“বাংলাদেশ বিশ্বের প্রতিটি প্রান্তের সকল দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ।”
মিরপুর সেনানিবাসে বুধবার সকালে এই অনুষ্ঠানে শেখ হাসিনা দেশের সম্পদের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকার জন্যও ধন্যবাদ জানান তিনি।
সশস্ত্র বাহিনীর উন্নয়নে বিভিন্ন সময়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও কল্যাণের জন্য যা যা করা দরকার আমরা সবই করব, ইনশাআল্লাহ।”
এদিন ডিএসসিএসসি’র ২০১৩-১৪ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর এক’শ জন অফিসার, নৌ-বাহিনীর ২৩ জন ও বিমান বাহিনীর ২১ জন এবং চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, আইভরি কোস্ট, জর্ডান, কুয়েত, লাইবেরিয়া, মালয়শিয়া, মিয়ানমার, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, সিয়েরা লিয়ন, শ্রীলংকা, তানজানিয়া, তুরস্ক, আমেরিকা এবং জাম্বিয়ার ৪৪ জন অফিসার স্নাতক সার্টিফিকেট গ্রহণ করেন প্রধানমন্ত্রীর হাত থেকে।
প্রধানমন্ত্রী গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, “আজকের দিনটি নিঃসন্দেহে আপনাদের জীবনে অত্যন্ত আনন্দের। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আপনারা সমর বিজ্ঞানে উচ্চতর জ্ঞান লাভ করেছেন। আমার বিশ্বাস, এ প্রশিক্ষণ আপনাদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন এবং যে কোন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও আত্মপ্রত্যয়ী করবে। আমি আপনাদের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসসিএসসি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক।
অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ছাড়াও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
