রাজশাহীতে ভোটকেন্দ্র পরিদর্শনে মজীনা
রাজশাহীর মোহনপুর উপজেলার দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা।
বুধবার সকল ৯টার দিকে তিনি মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও বাকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের একটি পর্যবেক্ষক দল এবারের নির্বাচন পর্যবেক্ষণ করছে। ভোটের পর একটি প্রতিবেদন দেয়া হবে।”
এদিকে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। বেলা ১১টা পর্যন্ত মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমজাদ হোসেন।
রাজশাহীর মোহনপুর উপজেলায় এবার প্রতিদ্বন্ধিতা করছেন ৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সালাম (দোয়াত-কলম) এবং বিএনপি সমর্থিত আব্দুস সামাদ (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম (বই) এবং জামায়াত সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ (টিউবঅয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোৎসানারা বেগম ফুটবল এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বানেছা বেগম কলসি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এ উপজেলায় ভোটার ১ লাখ ১৫ হাজার ৫৩৫ জন। এখানে ৪২ কেন্দ্রে বুথ রয়েছে ৩৫৩টি।
