২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম দেশগুলোর সংহতি বাড়ানোর আহ্বান স্পিকারের

নিজেদের মধ্যে সংহতি ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সমন্বিত উদ্যোগ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 11:19 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্টারি ইউনিয়ন অব ইসলামিক কান্ট্রিজ’র (পিইউআইসি) সম্মেলনে তিনি এ আহ্বান জানান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্পিকার পিইউআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংহতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সদস্য দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি এলক্ষ্যে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পিইউআইসি’র নবম সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে সোমবার ইরান যান শিরীন শারমিন। তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন ও মীর শওকত আলী বাদশা।

পিইউআইসি’র নবম সম্মেলনে ২৮ জন স্পিকার, ১১ জন ডেপুটি স্পিকারসহ মোট ৪৮ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

ওআইসি ভুক্ত ৫৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৩টি দেশের পার্লামেন্ট নিয়ে ১৯৯৯ সালে পিইউআইসি গঠিত হয়।

এদিকে মঙ্গলবার শিরীন শারমিন ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

ইরানের রাষ্ট্রপতি বাংলাদেশের নবনির্বাচিত সরকার এবং বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন দ্বিতীয় বার নির্বাচিত হওয়ায় তাকেও অভিনন্দন জানান।